‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথভাবে ই-হেলথ কার্ড চালু করার নির্দেশ দিয়েছেন। সরকারের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। শুধুমাত্র এলজিইডি’র পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ অন্যান্য ভবনগুলোও ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে হবে।
দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নেয়, যা জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেয়।
সভায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগসহ দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।