পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ইউনিটগুলোর সদস্যদের দেশের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটগুলো সেনাবাহিনীর পদাতিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এর আগে সেনাপ্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), বিআইআরসির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সামরিক সচিব, কমান্ড্যান্ট এসআইঅ্যান্ডটি, সেনাসদরের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।