বিজয়-রাশমিকার বিয়ের আনন্দ, দেশের মানুষ পাচ্ছে মিষ্টি

দীর্ঘদিন প্রেমের পর সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন দক্ষিনি তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের আইটিসি মেমেন্টোস-এ তেলুগু ও কোডাভা রীতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নতুন আনন্দে মেতেছেন নবদম্পতি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, মিষ্টিভর্তি ট্রাক থেকে ভক্ত-অনুরাগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায়, ছোট একটি বক্সে রয়েছে ৫ রকম মিষ্টি, যার গায়ে রয়েছে রাশমিকা-বিজয়ের ছবি। বক্সের কিউ-আর কোড স্ক্যান করলে অনুরাগীরা দেখতে পাচ্ছেন তাদের বিয়ের ছবি ও একটি মিষ্টি বার্তা।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা ও বিজয় জানিয়েছিলেন, দেশের মানুষের সঙ্গে বিয়ের আনন্দ ভাগ করতে ১ মার্চ ভালোবাসা ও মিষ্টিভর্তি ট্রাক বিভিন্ন শহরে পাঠানো হবে। পাশাপাশি দেশের একাধিক মন্দিরে অন্নদান আয়োজন করা হবে।
বার্তায় তারা লিখেছেন, “দেশের মানুষ সবসময় আমাদের জীবনের অংশ হয়ে থেকেছেন। তাই আমরা চাই আমাদের বিয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতে। আপনারা সবসময় আমাদের যাত্রা ও ভালোবাসার অংশ। আমরা চাই আমাদের আনন্দ আপনাদের সবার সঙ্গে উদযাপন করতে। আর ভারত সেই আনন্দ উদযাপন করে—মিষ্টি ও খাবারের মাধ্যমে।”
দৈএনকে/জে, আ