সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের বিচ্ছেদের পর বিজয়ের প্রথম প্রতিক্রিয়া

কয়েকদিন ধরেই ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিজীবন আলোচনার কেন্দ্রে। মূলত, তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর বিষয়টি আলোচনায় আসে। এই ঘটনার পর বিজয় প্রথমবার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তবে পোস্টে ব্যক্তিগত সংকট নিয়ে কোনো মন্তব্য ছিল না; বরং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে পরিস্থিতি এড়িয়ে গেছেন।
বিনোদন ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই খবরের মধ্যেই সোমবার (২ মার্চ) বিজয় তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি তামিলনাড়ু ও পুদুচেরির দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, পরীক্ষার্থীরা যেন ভয় ও উদ্বেগ ছাড়া সাহস নিয়ে পরীক্ষা দেয় এবং উচ্চশিক্ষায় সফল হয়। পোস্টের শেষে তিনি বলেন—“ভালোই হবে, জয় নিশ্চিত।”
এই পোস্টে তিনি সরাসরি ডিভোর্স প্রসঙ্গ এড়িয়ে গেলেও ভক্তরা তা নিয়ে নানা ব্যাখ্যা করছেন। অনেকের মতে, ব্যক্তিগত ইস্যু নিয়ে নীরব থেকে তিনি আপাতত রাজনৈতিক ও সামাজিক বার্তায় মনোযোগ দিচ্ছেন।
প্রসঙ্গত, অভিনেতার স্ত্রী সঙ্গীতা চেঙ্গালপাট্টুর জেলা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দাখিল করেছেন। আবেদনে তিনি অভিযোগ করেছেন, বিজয় এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত যা তার মানসিক কষ্ট ও দাম্পত্য বিশ্বাসভঙ্গের কারণ হয়েছে। তিনি তাদের বিয়েকে “অপরিবর্তনীয়ভাবে ভেঙে গেছে” বলে উল্লেখ করে স্থায়ী ভরণপোষণ ও নিজ বাসভবনে থাকার অধিকার দাবি করেছেন। বিজয় ১৯৯৮ সালে যুক্তরাজ্যে সঙ্গীতাকে বিয়ে করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে হিন্দু রীতিতে আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়।
এখন পর্যন্ত তিনি ৬৮টি সিনেমাতে অভিনয় করেছেন বিজয়। তবে অভিনেতা এখন সিনাম বাদ দিয়ে রাজনীতি নিয়েই ব্যস্ত। তার রাজনৈতিক দল ‘তামিলগা ভেত্রি কাজগাম’–এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার ৬৯তম ছবি জানা নায়াগান–এর মাধ্যমে সিনেমা থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছেন বিজয়। যদিও সিনেমাটি সেন্সর সংক্রান্ত জটিলতার কারণে মুক্তি এখনও আটকে আছে। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবনের এই পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই তারকা।
দৈএনকে/জে, আ