জাতীয় পুরস্কার ও ধূমপান দৃশ্য: মিথ্যা শিরোনামের ব্যাখ্যা দিলো চলচ্চিত্র বোর্ড

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি সংবাদ ও ফটোকার্ড, যেখানে বলা হয়েছিল—“চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না।” বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এর। বোর্ড স্পষ্ট জানিয়েছে, এমন মিসলিডিং শিরোনাম এবং অতিথিদের বক্তব্যের ভুল উপস্থাপনার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
মূল ঘটনা অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত “চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একজন বক্তা ব্যক্তিগত প্রস্তাব হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। মূলত আলোচনায় তামাক নিয়ন্ত্রণ আইন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য নিরুৎসাহিতকরণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয় বিষয়গুলো নিয়েই মতবিনিময় হয়।
বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, “ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না”—এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি এবং এর এখতিয়ারও বোর্ড বা সভার ছিল না।
বোর্ড আরও জানায়, ভাইস চেয়ারম্যানের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত বক্তব্য ছিল, “সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড যথাযথ ভূমিকা রাখবে।” সংবাদে ভুলভাবে বোঝানো হয়েছে যে বোর্ড সরাসরি পদক্ষেপ নেবে।
মানস কর্তৃক জারি করা প্রেস রিলিজের মিসলিডিং শিরোনাম ও ভুল উপস্থাপনিই বিভ্রান্তির মূল কারণ। সার্টিফিকেশন বোর্ড বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে সতর্ক থাকবে। ইতিমধ্যে মানস তাদের ভুল স্বীকার করে সংশোধিত প্রেস রিলিজ প্রকাশ করেছে।