দীর্ঘ বিরতির পর ভারত মাতাবে শাকিরা

আবারও ভারতে মঞ্চ মাতাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় শিল্পী আগামী ১০ এপ্রিল মুম্বাই ও ১৫ এপ্রিল দিল্লিতে লাইভ পারফর্ম করবেন।
দাতব্য সংস্থা ফিডিং ইন্ডিয়া এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে আয়োজন করছে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ। আয়োজকেরা জানিয়েছেন, এই কনসার্ট শুধু বিনোদন নয়; বরং ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে সচেতনতা তৈরির লক্ষ্যেও কাজ করবে।
মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে শাকিরার পাশাপাশি ভারতের ও আন্তর্জাতিক আরও অনেক শিল্পী পারফর্ম করবেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ভারতে পারফর্ম করা সবসময়ই তাঁর জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও দেখা হওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তিনি আরও বলেন, ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু গান-বাজনার আয়োজন নয়; এটি এমন একটি উদ্যোগ, যেখানে একসঙ্গে দাঁড়িয়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।’
শুধু সংগীতজগতে নয়, নিজের বেয়ারফুট ফাউন্ডেশন–এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণ নিয়েও কাজ করে যাচ্ছেন এই তারকা।
প্রায় দুই দশক আগে ভারত সফরে এসে কনসার্ট করেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে তাঁর ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি।
দৈএনকে/জে, আ