বাবা হারানোর যন্ত্রণায় সিদ্ধার্থ মালহোত্রা

বাবা সুনীল মালহোত্রাকে হারানোর ঘটনায় গভীর শোকে ভুগছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা । বাবার মৃত্যুর খবর শেয়ার করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি পরিবারের অন্তরঙ্গ মুহূর্তগুলো ফুটে থাকা একাধিক ছবি প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল মালহোত্রা। তিনি ভারতের মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের জন্য পরিচিত ছিলেন তিনি। তবে শেষকৃত্যের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পোস্টে সিদ্ধার্থ তার বাবাকে দৃঢ়চেতা ও নীতিবান মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, স্ট্রোকের পর হুইলচেয়ার-নির্ভর হয়ে পড়লেও তার বাবা কখনো ইতিবাচক মানসিকতা হারাননি। সমুদ্রে জাহাজ পরিচালনা থেকে শুরু করে অসুস্থতার সঙ্গে লড়াই প্রতিটি পর্যায়েই তিনি ছিলেন অদম্য।
অভিনেতা লেখেন, আমি আজ যা কিছু, সবই তার জন্য। বাবার সততাকেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। পরিবার সূত্রে জানা গেছে, সুনীল মালহোত্রা ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।
সিদ্ধার্থের শেয়ার করা ছবিগুলোতে তার মা, ভাই এবং স্ত্রী কিয়ারা আদভানি–কেও দেখা গেছে। পোস্ট প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক ও সমবেদনা জানাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি অনলাইনে ট্রেন্ডিং হয়ে ওঠে, আর অভিনেতার প্রতি সমর্থন ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর।
দৈএনকে/জে, আ