দামিয়ানো আলবার্তি আর নেই, ক্যানসার চিকিৎসার পর মৃত্যু

ইতালির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দামিয়ানো আলবার্তি মরণব্যাধি ক্যানসার ধরা পড়ার তিন বছর পর মারা গেলেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স মাত্র ২৩ বছর ছিল।
মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী দামিয়ানো আলবার্তির পরিবার থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘দামিয়ানো আলবার্তি তার জীবনের সব অভিজ্ঞতা থেকে এখন মুক্ত। আমাদের একটি অংশ চিরতরে চলে গেল।’
এ কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও টুইচে বেশ সক্রিয় ছিলেন। মাধ্যমগুলোয় জীবনযাপনের বিষয়বস্তু শেয়ার করে অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেছিলেন তিনি।
২০২৩ সালের মে মাসে এক পোস্টে এ তরুণ জানিয়েছিলেন, তার পায়ে একটি ম্যালিগ্যান্ট টিউমার ধরা পড়েছে। এ জন্য চিকিৎসার পরিকল্পনা করছেন। পরের বছর মার্চে রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কে খোলামেলা কথা বলেন তিনি। তখন জানান, কীভাবে তার ক্যানসার শনাক্তের বিষয়টি জানতে পারেন এবং কেমোথেরাপি চিকিৎসা সম্পর্কে বর্ণনা করেন।
এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে ক্যানসার যাত্রার আপডেটগুলো ফলোআপ ভিডিও তৈরি করে পোস্ট করেন দামিয়ানো আলবার্তি। ভিডিওতে জানিয়েছিলেন, চিকিৎসকরা গত এক বছর ধরে তার স্বাস্থ্য সম্পর্কে হতাশাজনক তথ্য দেয়ায় মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছেন তিনি।
দৈএনকে/জে, আ