ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে দেখা পেলেন নাসীরুদ্দীন পাটোয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে জাতীয় নির্বাচনের মাঠে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। রাজধানীর ঢাকা-৮ আসনের ভোটার হয়ে আরামবাগ ভোটকেন্দ্র যান জনপ্রিয় খল ও কৌতুক অভিনেতা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলা।
সেখানে তিনি দেখা করেন সংশ্লিষ্ট আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে। দুজনের মধ্যে কুশলাদি বিনিময় এবং হাসি-আড্ডা চলে, যা উপস্থিত অন্য ভোটার ও ভক্তদের মধ্যে আনন্দের ছড়াচ্ছে।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী কাবিলাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। নিজেই এগিয়ে গিয়ে কুশল বিনিময় ও ভোটের শুভেচ্ছা জানান। কাবিলাও হাসিমুখে তার প্রতি সাড়া দেন।
দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। ফলে বর্তমানে তিনি তুলনামূলকভাবে কম কথায় কথা বলেন এবং রূপালি পর্দায় নিয়মিত দেখা যায় না। তবু ভোটকেন্দ্রে তার সরব উপস্থিতি ভক্তদের মধ্যে বিশেষ আনন্দ সৃষ্টি করেছে। কুশল বিনিময় শেষে দুজনই হাসিমুখে তাদের নিজ নিজ কাজে ফিরে যান।
সকাল থেকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট দিতে বের হওয়া সাধারণ ভোটাররা ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ ও সন্তোষজনক হিসেবে অভিহিত করেছেন। ঢাকা-৮ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত।