অরিজিতের সিদ্ধান্তকে সমর্থন জানালেন পঙ্কজ ত্রিপাঠী

অরিজিত সিংয়ের জন্য জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা অনেক ভক্তের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। নেটিজেনরা যখন এই সিদ্ধান্তের পেছনের কারণ খুঁজছেন, ঠিক সেই সময় বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী অরিজিতের পাশে দাঁড়ান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য বিরতি নিতেই হয়। শিল্পীদেরও মাঝে মাঝে থামা প্রয়োজন। কারণ সৃজনশীল কাজ অত্যন্ত পরিশ্রমের। আমরা কারখানায় তৈরি কোনো পণ্য নই।’
অভিনেতা আরও জানান, শিল্পীরা প্রতি মুহূর্তে নিজের আবেগকে উজাড় করে দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করেন। তাই একঘেয়েমি কাটাতে এবং শিল্পের মান বজায় রাখতে বিরতির কোনো বিকল্প নেই।
তার কথায়, ‘আমরা শিল্পী। এখানে অনেক দৌড়ঝাঁপ, অনেক লড়াই। আমরা দেশলাই বাক্সের মতো নই যে প্রতিদিন কারখানা থেকে একই রকম ১০০০ কপি বাক্স বের হবে। শিল্পীদের ক্ষেত্রে তা সম্ভব নয়।’
উল্লেখ্য, অরিজিৎ সিং আগেই করেছিলেন যে তিনি প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না। মূলত স্বাধীনভাবে সংগীতচর্চা এবং নতুন কিছু শেখার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
দৈএনকে/জে, আ