লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি জয় দালাই লামার

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই অর্জনের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।
রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিট) অনুষ্ঠিত এবারের গ্র্যামিতে ‘বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে বিজয়ী হন দালাই লামা। তার অডিও অ্যালবাম ‘ম্যাডিটেশন: দ্য রিফলেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা’–এর জন্য এই সম্মাননা দেওয়া হয়।
গ্র্যামি জেতার পর দালাই লামা বলেন, এই স্বীকৃতি শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, বরং মানবজাতির সামষ্টিক দায়িত্ব ও সংহতির প্রতিফলন। তিনি আরও বলেন, শান্তি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের প্রতি এই সম্মান মানুষের কাছে একটি বার্তা হিসেবে পৌঁছাবে।
বিশ্বজুড়ে তার ভক্ত ও অনুসারীরা এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অনেকেই এটিকে ধ্যান ও আধ্যাত্মিক শিক্ষা প্রসারে একটি নতুন দিক হিসেবে দেখছেন।
সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও ফ্যাব মরভান।
দালাই লামার প্রকল্পটিতে সহযোগিতা করেছেন সারোদ বাদক আমজাদ আলী খান এবং তার ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। এই অ্যালবামের বৃক্ততায় দালাই লামা ভারতীয় ধ্রুপদি সংগীত মিশিয়ে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন।