ইকরা মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান অনুষ্ঠান। দেশের খ্যাতিমান আলেমদের উপস্থিতিতে এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
কুরআনের আলোয় আলোকিত এক উজ্জ্বল প্রজন্ম গড়ার লক্ষ্যে দ্বীপজেলা ভোলায় আয়োজিত হলো মিলনমেলা। ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের সফলতার স্বীকৃতি দিতে আয়োজন করা হয় এই অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের।
হাফেজ মোঃ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জিকরুল্লাহ খান সাহেব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রতনপুর মাদ্রাসার মহতামিম মাওলানা মিজানুর রহমান আজাদী, গোরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, সালমান গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সি এস এম মিজানুর রহমান, ভোলা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহীম শামীম, হুমায়ুন কবির, ভোলা বারের সিনিয়র আইনজীবী মোঃ নাছির, মোহাম্মদ শহিদুল ইসলাম মোহসীন।
অনুষ্ঠানটির সভাপতি আলীনগর আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তৈয়্যুবুর রহমান কাসেমী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠিতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ ইসরাফিল আলম।
বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা এই শিশুরাই আগামীর দেশ ও দশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতায় বড় করতে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। দস্তারবন্দী বা পাগড়ি লাভের পর শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
কুরআনের এই হাফেজরা যেন ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এমন দোয়া ও প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন।