সৌদি ও আমিরাতে ইরানের হামলা, ইসরায়েলে শতাধিক আহত

ইরানের সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রিয়াদের আকাশে হামলার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। রোববার রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ক্রমাগত ইরানি হামলার শিকার। লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থ সংক্রান্ত স্থান, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকা। এই হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশে এখন পর্যন্ত অন্তত দু’জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
ইরান একই সময় সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, আল-ধাফরা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
এদিকে, ইসরায়েলে ইরানের হামলার জেরে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেটের আঘাতে আহত হয়েছেন, আবার অনেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩,১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন।
সূত্র: আল জাজিরা, এএফপি