মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের নির্দেশনা

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের নির্দেশনা
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের যে কোনো স্থানে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলে তা ইলেকশন ইনকোয়ারি কমিটি (ইইসি) বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর সরাসরি জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ দায়েরের প্রক্রিয়া সহজ এবং দ্রুত নিষ্পত্তির জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

নির্বাচন কমিশন আশা করছে, জনগণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অংশ হিসেবে এ ধরনের অভিযোগ দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। ইসিতে সরাসরি আবেদন করা হলে সেটাকে ব্যুরোক্রেটিক চ্যানেলে পাঠাতে এক থেকে দুই তিন দিন সময় লাগে, সেই সময়টুকুতে দেখা যায় যে অভিযোগের গুরুত্বটা ধীরে ধীরে কমে যাচ্ছে।

একই অভিযোগটা কমিটি বা রিটার্নিং অফিসার এ কাছে সরাসরি করা গেলে দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে তিনি আরও বলেন, এ কারণে যে যেখানেই আচরণ বিধি ভঙ্গের বিষয় দেখবেন আপনারা ৩০০ আসনে ৩০০টা ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি আছে তাদেরকে অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জানাবেন, এর একটি কপি আমাদের সংযুক্ত করবেন, আমরা সেখান থেকে এই জিনিসটাকে ফলোআপ করে দ্রুত নিষ্পত্তি করব।

ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণনা পৃথকভাবে করা হলেও দুইটি পাশাপাশি চলবে। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানান তিনি।

বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্র অনুযায়ী রিটার্নিং অফিসার থাকেন, যিনি ভোট গণনা করেন। তবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট কতজন পোস্টাল ব্যালট প্রদান করেছেন সেটি হিসাব করে জেলাপ্রতি ভোট গণনা করা হয়। এক্ষেত্রে কোনও কোনও জেলায় কখনও কখনও পাঁচ থেকে ছয়টি বা তারও বেশি কেন্দ্রের থেকে যা ভোট পাওয়া যায় সে সমান ব্যালট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একজন রিটার্নিং অফিসারের সেই বিপুল ভোট গণনা করতে সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন