মুম্বাইয়ে কামাল আর খানকে গ্রেপ্তার করে পুলিশ

বলিউড অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল আর খানকে গুলি করার অভিযোগে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে । শুক্রবার (২৩ জানুয়ারি) রাতের দিকে তাকে আটক করে ওশিওয়ারা থানায় নেওয়া হয়, যেখানে বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।
ভারতীয় পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ওশিওয়ারার নালন্দা সোসাইটি এলাকায় এই ঘটনা ঘটে। ওই আবাসিক ভবন লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ভবনের দুই ও চার তলা থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। দুই তলায় বসবাস করেন লেখক ও পরিচালক নীরেজ কুমার মিশ্র এবং চার তলায় থাকেন মডেল প্রতীক বেদ।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই গুলির সঙ্গে কামাল আর খানের সম্পৃক্ততা রয়েছে। পরে তার স্টুডিওতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে কামাল আর খান গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তার দাবি, বন্দুকটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি জানান, বন্দুক পরিষ্কার করার পর সেটি পরীক্ষা করছিলেন এবং সে সময় ম্যানগ্রোভ অরণ্যের দিকে গুলি চালান।
কামাল আর খানের ভাষ্য অনুযায়ী, গুলি ছোড়ার সময় প্রবল বাতাস বইছিল। সেই কারণে গুলি দিক পরিবর্তন করে আবাসিক ভবনের দেয়ালে লেগে যায়। যদিও এ ঘটনায় ব্যবহৃত বন্দুকটি পুলিশ ইতিমধ্যে জব্দ করেছে।
এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কামাল আর খানকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দৈএনকে/জে, আ