নন্দিত নায়ক ইলিয়াস জাভেদের প্রয়াণে বাচসাস’র শোক প্রকাশ

ঢালিউডের স্বর্ণযুগের দাপুটে নায়ক ও কিংবদন্তি নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আজ (২১ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে সংগ্রাম করার পর তিনি না ফেরার দেশে চলে গেছেন। অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই শোক জানানো হয়েছে।
এক শোকবার্তায় বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘গুণী অভিনেতা ইলিয়াস জাভেদের মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা সৃষ্টি হলো তা আর পূরণ হবার নয়। আমরা এই গুণী মানুষের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
শোকবার্তায় আরও বলা হয়, ‘অভিনেতা জাভেদ শুধু আমাদের স্বজন নন, অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দেশ তথা দেশের মানুষকে ঋণী করে রেখেছেন।’
১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে ইলিয়াস জাভেদের। তবে তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায় ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে; একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে ‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী আসন গেড়ে নেন তিনি।
সত্তর ও আশির দশকের দর্শকদের কাছে জাভেদ মানেই ছিল পর্দা কাঁপানো নাচ আর অ্যাকশনের অনবদ্য এক মিশ্রণ। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে নিভৃতে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী।
দৈএনকে/জে, আ