মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ডিজিটাল বিচার ব্যবস্থার পথে আরও এক ধাপ, ই-বেইলবন্ড চালু

ডিজিটাল বিচার ব্যবস্থার পথে আরও এক ধাপ, ই-বেইলবন্ড চালু
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর ও জয়পুরহাটসহ দেশের মোট আটটি জেলায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এ সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। ই-বেইলবন্ড চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়ায় ভোগান্তি কমবে এবং বিচারপ্রার্থীরা সহজেই প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারবেন।

ড. আসিফ নজরুল আরও জানান, ডিজিটাল জামিননামা চালু হলে আদালতের সময় ও প্রশাসনিক জটিলতা কমবে, একই সঙ্গে দুর্নীতির ঝুঁকিও হ্রাস পাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ই-বেইলবন্ড ব্যবস্থায় অনলাইনে জামিননামা দাখিল, যাচাই ও সংরক্ষণ করা যাবে। এতে আদালত ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার কাজ আরও সহজ হবে।


জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে।

এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘয়িত করতে পারবে না।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন