আলিয়া ভাটের চোখে দারুণ অভিনয় ইয়ামি গৌতমের

সুপারস্টার এস. ভার্মার সর্বশেষ কোর্টরুম ড্রামা ‘হক’ মুক্তি পেতেই আলোড়ন তুলেছে । দুর্দান্ত অভিনয়ের কারণে অভিনেত্রী ইয়ামি গৌতমকে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক ও সমালোচকরা। এই তালিকায় যোগ দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটও।
ইনস্টাগ্রামে আলিয়া লেখেন, ‘কুইন ইয়ামি গৌতম, ‘‘হক’’-এ তুমি খাঁটি শিল্প, হৃদয় আর সব দিক থেকেই সোনার মতো। এটি আমার দেখা সর্বকালের সেরা কোনো নারীর অভিনয়গুলোর একটি।’ একই সঙ্গে আলিয়া জানিয়ে দেন, তিনি ইয়ামির বড় ভক্ত। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
আলিয়া আরও বলেন, ‘ফোনে যেমনটা বলেছিলাম, আমিও একজন ইয়ামি ভক্ত। তোমার আগামী কাজগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা আবারও আমাদের মুগ্ধ ও বিনোদিত করবে।’
বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া ‘হক’ ১৯৮৫ সালের আলোচিত শাহ বানু মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত। ছবিটিতে শাজিয়া বানোর চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ‘‘তিন তালাকের’’ মাধ্যমে স্বামী আব্বাস খান (ইমরান হাশমি) তার সঙ্গে বিচ্ছেদ ঘটালে, মাসিক ভরণপোষণের দাবিতে আদালতের দ্বারস্থ হন শাজিয়া। একজন ভারতীয় নাগরিক হিসেবে আইনের চোখে সমতার দাবি জানাতে গিয়ে তাকে নিজের ধর্মের কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়।
জঙ্গলী পিকচার্সের প্রযোজনায়, ইনসমনিয়া ফিল্মস ও বাওয়েজা স্টুডিওসের সহযোগিতায় নির্মিত এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন শিবা চাড্ডা ও বর্তিকা সিং। ছবিটি গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
দৈএনকে/জে, আ