সমালোচকদের নিয়ে মুখ খুললেন সুপারস্টার দেব

টলিউডের শীর্ষ নায়ক হওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয় দেবকে। কখনো তার উচ্চারণ, আবার কখনো তার অভিনয় বা রাজনৈতিক অবস্থান নিয়ে চলে কাঁটাছেঁড়া। দীর্ঘদিনের এই কটাক্ষ ও ট্রোলিং নিয়ে এবার নিজের পরিণত ভাবনার কথা শেয়ার করলেন অভিনেতা।
যা বললেন দেব: সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানান, ক্যারিয়ারের শুরুতে এসব নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করলেও এখন তিনি এতে অভ্যস্ত। দেব বলেন, “কটাক্ষ এখন আমাদের জীবনধারার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমি যাই বলি না কেন, সেটা নিয়েই সমালোচনা শুরু হয়। বিশেষ করে আমার উচ্চারণ এবং কাজ নিয়ে আগে অনেক কথা হতো।”
প্রতিক্রিয়া জানানো প্রসঙ্গে: প্রথম দিকে ট্রোলিংয়ের বিপরীতে প্রতিক্রিয়া দেখালেও এখন নীরব থাকাকেই শ্রেয় মনে করেন এই অভিনেতা। তিনি আরও যোগ করেন, “আগে রিঅ্যাক্ট করতাম। কিন্তু পরে বুঝলাম, দুনিয়ার সবাই আমাকে ভালোবাসবেন—এমনটা ভাবা ভুল। প্রত্যেকেই কোনো না কোনো কারণে কটাক্ষের শিকার হন। এটা যত কম গায়ে মাখবেন, ততই ভালো থাকা যাবে।”
নিজের কাজের মাধ্যমেই সমালোচকদের জবাব দিতে বিশ্বাসী দেব এখন ব্যস্ত তার আসন্ন প্রজেক্টগুলোর শুটিং ও প্রযোজনা নিয়ে।