কণ্ঠশিল্পী সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের বিচ্ছেদ

জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমি আক্তার সালমা ও তার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবন সমাপ্ত হয়েছে। পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই।
সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টের মাধ্যমে সাগর জানিয়েছেন, দীর্ঘদিনের মানসিক দূরত্ব এবং চিন্তা-ভাবনার অমিলের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, “কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল এবং মানসিক দূরত্বের কারণে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।”
বিচ্ছেদের পরও তাদের একমাত্র কন্যাসন্তানের স্বার্থে সুন্দর সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সাগর উল্লেখ করেছেন, “আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই, কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।”
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য করে তাদের বিব্রত না করেন।
উল্লেখ্য, সালমার প্রথম বিয়ে পারিবারিক কলহের কারণে শেষ হয়েছিল। এরপর ২০১৮ সালে তিনি আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিনের সেই সংসারও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।