বেগম জিয়ার বিদায়ে শোকাচ্ছন্ন জয়া আহসান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে অসুস্থ এই বর্ষীয়ান নেত্রীর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন। সাধারণ মানুষের পাশাপাশি শোকাচ্ছন্ন শোবিজ তারকারাও। এই কাতারে যোগ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
খালেদা জিয়ার মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জয়া। সেখানে তিনি এই আপসহীন নেত্রীর বর্ণাঢ্য জীবন ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জয়া লিখেছেন, "একটি যুগের অবসান হলো। দেশ ও মানুষের জন্য তাঁর যে ত্যাগ এবং আপসহীন নেতৃত্ব, তা ইতিহাসের পাতায় অমলিন থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।"
জয়া আহসান তার ফেসবুকে লেখেন, বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।
তিনি লেখন, সামরিক–শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চির প্রশান্তি লাভ করুক।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। সে সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।
গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন এবং চিরবিদায় নেন।
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে জনগণের কাছে সমাদৃত ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অটল ভূমিকার কারণে তাকে ‘আপসহীন’ উপাধিতে ভূষিত করা হয়।