বগুড়া-৪ আসনে নির্বাচন করছেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন।
আজ সোমবার দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। হিরো আলম জানিয়েছেন, আজ বিকেল ৫টার মধ্যে তিনি মনোনয়ন পূরণ করে জমা দেবেন।
মনোনয়ন উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সবসময় হামলা-মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার অভাব মনে করে গানম্যান চাচ্ছেন।’ তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা বলতে পারছি না। তবে আমরা সবাই চাই, সুষ্ঠু নির্বাচন হোক। যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।’
হিরো আলম বলেন, ‘আমাকে অনেকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় আমি তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও এই আসন থেকে নির্বাচন করব।’
প্রসঙ্গত, হিরো আলম ২০১৮ সালে বগুড়া-৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান।