মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্টে ফের বিতর্ক

ঢাকাই সিনেমার জগতে মিষ্টি জান্নাত এক পরিচিত নাম, যিনি অভিনয়ের পাশাপাশি স্পষ্টভাষী মন্তব্যের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার বা সামাজিক বিষয়—সব ক্ষেত্রেই তিনি সবসময় সরাসরি মত প্রকাশ করেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টের কারণে তিনি ফের বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
নিজের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় মিষ্টি জান্নাত ক্ষোভ প্রকাশ করে লেখেন, বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো মূল্য নেই। সেই সঙ্গে জানান, সে কারণেই তিনি আবার “আগের ফর্মে” ফিরে আসছেন। তার এই মন্তব্য মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
হঠাৎ করে এমন ঘোষণার পেছনের কারণ কী তা নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও, অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কমেন্ট বক্সে ভক্তদের একটি বড় অংশ লিখেছেন, তিনি ঠিক কথাই বলেছেন এবং এমন সিদ্ধান্ত নেওয়াই যৌক্তিক।
এর আগেও ক্যারিয়ার ও পেশাদার অবস্থান নিয়ে নিজের মত স্পষ্ট করেছিলেন মিষ্টি জান্নাত। এক পোস্টে তিনি বলেছিলেন, সিনেমায় ছোট বা গুরুত্বহীন চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মানের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়াই বেশি সাহসের। কাজ কম হলেও আত্মসম্মান ধরে রাখাকেই তিনি প্রাধান্য দেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার বিভিন্ন মন্তব্য বারবার বিনোদন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এবার ভদ্রতার কোনও মূল্য নেই এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঠিক কী বার্তা দিতে চেয়েছেন, তা নিয়েই এখন চলছে নানা আলোচনা।
দৈএনকে/জে, আ