৬ বাংলাদেশি শান্তিরক্ষীর রোববার সামরিক মর্যাদায় জানাজা ও দাফন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইট অবতরণ করে।
মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতিসংঘের প্রতিনিধি, আবেইতে মোতায়েন জাতিসংঘ মিশনের কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা। সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি সম্মান জানান এবং সামরিক স্যালুট দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে মরদেহের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ তাদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় এই ৬ জন শহীদ হন। এ হামলায় আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন; তাদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন, এবং বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।
বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের সাহস ও ত্যাগ দেশের জন্য এক অনন্য গৌরবের প্রতীক।