হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটার আগেই তিনি জানাজাস্থলে পৌঁছান।
প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জানাজার পূর্বে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বক্তব্য রাখেন।
শনিবার দুপুরে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছালে আশপাশের এলাকা এবং সংসদের দক্ষিণাংশের দুটি মাঠ মানুষে মুখর হয়ে ওঠে। মানুষজনের উপস্থিতি জানাজার পরিবেশকে আবেগঘন ও স্মরণীয় করে তোলে।
এর আগে, গত ১২ ডিসেম্বর বাদ জুমা পল্টনে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ দেশে ফিরিয়ে শুক্রবার হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।