দুই সম্পাদককে ফোন করলেন প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় উত্তেজিত জনতা গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানোর পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম-কে গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা হিসেবে বিবেচিত। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে।
টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা সম্পাদকদের পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, খুব শিগগিরই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।