রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও বন্ধ, পুলিশের কঠোর নিরাপত্তা মোতায়েন

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাও এবং লং মার্চের পরিকল্পনা পুলিশি বাধার কারণে সফল হয়নি। ভারতীয় আধিপত্যবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর আহ্বানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভদ্রা মোড় থেকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় পর্যন্ত লং মার্চের ডাক দেওয়া হয়।
মিছিল শুরু হয় ঠিক দুপুর ১২টায়, কিন্তু হাইকমিশন কার্যালয়ের মাত্র ১০০ মিটার দূরেই পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান।
এর আগে সকাল থেকেই ভদ্রা মোড় ও হাইকমিশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। হাইকমিশন সংলগ্ন সড়কও বন্ধ করে দেওয়া হয়, যার ফলে বিক্ষোভকারীরা কার্যালয় পর্যন্ত পৌঁছাতে পারেননি। সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন নারা দিতে থাকেন।
ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, “আমরা ভারতের দালালি চাই না। আমাদের রাষ্ট্র পরিচালনা বাংলাদেশেই হবে। কোনো বিদেশি প্রভাব বা মোদির আদেশ এখানে চলবে না। আমরা স্বাধীনভাবে আমাদের দেশ পরিচালনা করব।”
প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না মেলার কারণে তারা জোরপূর্বক হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে থাকলেও হাইকমিশন সংলগ্ন সড়কে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও লং মার্চ এবং ঘেরাও কর্মসূচি শেষ পর্যন্ত সফল হয়নি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাসির ফরহাদ জানান, “কিছু ব্যক্তি হাইকমিশন ঘেরাও করতে গিয়েছিলেন, তবে পুলিশ তা অনুমোদন করেনি।”