নিকের সঙ্গে আলাপ ঘটল এক পাখির কারণে : প্রিয়াঙ্কা

বলিউড থেকে হলিউড পর্যন্ত আলোচনার কেন্দ্রে থাকেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। তাদের প্রেম, সংসার ও ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের আগ্রহের কোনো সীমা নেই। বিশেষ করে অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন, কীভাবে আমাদের বলিউডের প্রিয়াঙ্কা এত দূর আমেরিকার এই সংগীতশিল্পীর প্রেমে মগ্ন হলেন। সেই বহু প্রতীক্ষিত রহস্যের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শো-টির একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, যেখানে নিকের সঙ্গে তার পরিচয়ের মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে পা রেখেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন ও ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতোটা ফিট হলে কী করে?’ রসিকতায় পটু কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা উত্তরে জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তাঁর এই গ্ল্যামার ও ফিটনেস।
আড্ডার এক পর্যায়ে কপিল প্রিয়াঙ্কাকে সরাসরি জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল? অনুরাগীদের দীর্ঘদিনের এই প্রশ্নটি করতে গিয়ে কপিল মজা করে জানতে চান, ‘আপনি কি চিঠির সেই পুরনো যুগে ফিরে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’
জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।’ সোশ্যাল মিডিয়া টুইটারেই যে তাদের সম্পর্কের সূত্রপাত, তা পরিষ্কার করে দিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার উত্তর শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে মজা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’
দৈএনকে/ জে,আ