পোস্টাল ব্যালটে ভোট দিতে ৪ লাখ ৮৪ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে গত ১৯ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুরু হওয়া এ কার্যক্রমে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৪ হাজারের বেশি প্রবাসী ভোটার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country
) থেকে এ তথ্য জানা গেছে। ইসির তথ্য অনুযায়ী, সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯ জন, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তাইওয়ানসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তা পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।