বিলিয়ন ডলারের চুক্তি: মিকি মাউস এবার এআই-এ জীবন্ত হবে

শৈশবের প্রিয় চরিত্র যেমন মিকি মাউস, সিন্ডারেলা কিংবা স্টার ওয়ার্সের লুক স্কাইওয়াকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুনভাবে ‘জীবন্ত’ হবে। এই লক্ষ্যেই বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি ওপেনএআই-এর সঙ্গে এক বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ ও লাইসেন্সিং চুক্তি করেছে।
ওপেনএআই জানিয়েছে, এই চুক্তির আওতায় তাদের ভিডিও জেনারেশন টুল ‘সোরা’ ব্যবহার করে ডিজনি, মার্ভেল, পিক্সার এবং স্টার ওয়ার্সের ২০০টিরও বেশি জনপ্রিয় চরিত্র নিয়ে ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে। এটি ওপেনএআইয়ের প্রথম বড় পরিসরের লাইসেন্সিং চুক্তি, যেখানে টেক্সট প্রম্পটের মাধ্যমে সহজেই ডিজনির চরিত্রগুলোকে প্রাণবন্ত এবং বাস্তবসম্মত ভিডিওতে রূপান্তর করা সম্ভব হবে।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য করা হয়েছে। এর অংশ হিসেবে ডিজনি তাদের কর্মীদের জন্য চ্যাটজিপিটি ব্যবহার চালু করবে এবং নিজস্ব এআই সক্ষমতা আরও বাড়াবে। ব্যবহারকারীরা তৈরি কিছু ‘সোরা’ ভিডিও ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এও প্রকাশ করতে পারবে।
ডিজনির প্রধান নির্বাহী বব ইগার বলেন, “এই অংশীদারিত্ব জেনারেটিভ এআইয়ের মাধ্যমে ডিজনির গল্প বলার নতুন দিগন্ত খুলবে, পাশাপাশি নির্মাতাদের সৃজনশীল কাজের সুরক্ষা নিশ্চিত করবে।”
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ওপেনএআই-এর সঙ্গে এই চুক্তি উভয়ের জন্যই লাভজনক। ডিজনি তাদের জনপ্রিয় চরিত্রগুলোকে এআই-এর মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করতে পারবে, আর ওপেনএআই এই চরিত্রগুলোর মাধ্যমে তাদের প্ল্যাটফর্মে গ্রহণযোগ্যতা ও ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হবে।