ঢাকায় আতিফ আসলাম লাইভ, কনসার্টের চূড়ান্ত দিন ঘোষণা

সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের ঢাকায় কনসার্ট আয়োজনের ক্ষেত্রে অনুমতি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। এর ফলে, কিছুদিন আগে পাকিস্তানি ব্যান্ড কাভিশ ঢাকায় এসে সবার সামনে পারফর্ম করতে পারেননি, কারণ ভেন্যুর অনুমতি পাওয়া যায়নি।
তবে নতুন খবর অনুযায়ী, ঢাকার মঞ্চ আবারও কাঁপাতে আসছেন পাকিস্তানি সুপরিচিত গায়ক আতিফ আসলাম। দুইটি ভিন্ন আয়োজক সংস্থা প্রথমে তাদের নিজস্ব কনসার্টের ঘোষণা দিয়েছিল, কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে আতিফ আসলামের ঢাকার সফর ও কনসার্ট নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে, দুই আয়োজক সংস্থা ‘স্পিরিটস অফ জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ যৌথভাবে আয়োজন করবে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে আতিফ আসলাম পারফর্ম করবেন। কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর (শনিবার), বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউন, ঢাকায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, কিছু বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও অবশেষে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ নামে দেশের একটি শীর্ষস্থানীয় লাইভ–এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত এ অনুষ্ঠানটি।
‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, কনসার্টটি থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি।ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সবরকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।
জানা গেছে, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে আতিফ আসলামই উপস্থিত থাকছেন, পাশাপাশি ফুয়াদ এবং নেমেসিসসহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরাও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করবেন।