বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভোটার নিবন্ধনে রেকর্ড: পোস্টাল ব্যালটে ১ লাখ ৬৮ হাজার প্রবাসী

ভোটার নিবন্ধনে রেকর্ড: পোস্টাল ব্যালটে ১ লাখ ৬৮ হাজার প্রবাসী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের (ইসি) এই নতুন উদ্যোগে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে ।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, 'পোস্টাল ভোট বিডি' (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধনকারীদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোট নিবন্ধিত ভোটারের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার রয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে এবং প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় কমিশন সন্তুষ্ট।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন