জুয়া প্রমোশনের ফাঁদে পড়তে যাচ্ছিল প্রভা, করেছেন সতর্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, সম্প্রতি একটি অননুমোদিত জুয়া ওয়েবসাইটের সঙ্গে তার ভুলক্রমে যুক্ত হওয়ার চেষ্টা হয়েছিল।
ভিডিও বার্তায় প্রভা বলেন, “গত রোজার মাসে একটি কোম্পানি আমার সাথে যোগাযোগ করে। প্রথমে তারা আমাকে পরিষ্কারভাবে জানাননি যে এটি একটি জুয়া বা বেটিং ওয়েবসাইট। আমি জানতাম না এবং ফোনে বা অনলাইনে গেম খেলারও অভ্যাস নেই। শুধু একটি ছোট বাইটের জন্য আমাকে ভিডিও শুটিংয়ে অংশ নিতে বলা হয়েছিল। পরে বুঝতে পারি এটি ইলিগাল বেটিং ওয়েবসাইট।”
প্রভা আরও জানান, “আমি বারবার তাদের থেকে বিষয়টি জানতে চেয়েছি, কিন্তু স্পষ্ট উত্তর পাইনি। যেটা আমি পেয়েছি, তা হলো শুধু টি-২০ ম্যাচের শুটিং এবং অন্যান্য গেমের প্রমোশন। আমি কখনো জুয়ার প্রমোশন করিনি এবং ভবিষ্যতেও করব না। এই প্রক্রিয়ায় আমাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি কোন ধরনের অবৈধ কার্যক্রমে অংশ নিইনি।”
তিনি সতর্ক করেছেন, “এ ধরনের ট্র্যাপ এড়ানোর জন্য সকলকে সচেতন হতে হবে। আমি চাই আমার ভক্ত এবং অনুসারীরা বুঝুক, আমি কখনোই ইলিগাল বেটিং প্রমোশন করি নি। এই অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় হলো, সঠিক তথ্য না থাকা অবস্থায় কোনো প্রচারণায় অংশ নেওয়া বিপজ্জনক।”
প্রভা আরও যোগ করেন, “আমি আশা করি এই বার্তাটি অন্যদের জন্য শিক্ষণীয় হবে। ভবিষ্যতে আমাকে এমন কোনো প্রমোশনে অংশ নিতে বলা হলে আমি তা গ্রহণ করব না।
দৈএনকে/জে, আ