প্রাক্তনকে স্মরণ করে লেখা অনুপমের জনপ্রিয় গান

'তুমি যাকে ভালোবাসো' গানটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রাক্তন-এর অন্যতম হৃদয়স্পর্শী সঙ্গীত হিসেবে বাঙালির মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। গানটির ছত্রে-ছত্রে থাকা আবেগ, বেদনা এবং অতীতের স্মৃতির প্রতিফলন শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। গানটি কণ্ঠে তুলে নিপুণ অভিনয় করার জন্য ইমন চক্রবর্তী ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
গানের মূল রচয়িতা অনুপম রায়। তিনি শুধু লেখা নয়, সুর ও সংগীত আয়োজনও করেছেন। সম্প্রতি টক শো অপুর সংসার-এ অনুপমকে প্রশ্ন করা হয়, ‘এই গান কি নিজের প্রাক্তনকে মনে করে তৈরি করেছেন?’
অনুপম বলেন, “এই গান আমার পুরোনো লেখা থেকে এসেছে। ২০১০-১১ সালে লিখেছিলাম। যখন প্রাক্তন-এর স্ক্রিপ্ট দেখলাম, মনে হলো আমার লেখা গানটির সঙ্গে মানিয়ে যায়। শিবুদাকে শোনালাম, প্রথমবারেই তার পছন্দ হয়ে গেল। গানটি আমার জীবনের গান, সত্যি এবং কোনো মিথ্যা নেই।”
যদিও গানটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভূত, অনুপমের কোন প্রাক্তন বা সেই মানবীর নাম তিনি প্রকাশ করেননি। তবে তার এই সংযমী উত্তরও গানটির রহস্যময়তা এবং শ্রোতাদের সংযোগকে আরও গভীর করেছে।
'তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুণ জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..'
গানটির জনপ্রিয়তা এবং আবেগময়তার কারণে এটি বাঙালির বুকের খুব কাছের হয়ে উঠেছে, যেখানে সিনেমার দৃশ্যের চেয়েও এই গানটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে।
দৈএনকে/জে, আ