দেশে ৬০ দিনের বেশি থাকলে প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

প্রবাসীরা দেশে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই নিয়ে আসা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে মোবাইল ফোন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে মোবাইল ফোনের বৈধ আমদানি শুল্ক কমানো বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় জানানো হয়—
বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা সর্বোচ্চ তিনটি ফোন দেশে আনতে পারবেন।
এর মধ্যে নিজের ব্যবহারের ফোনের বাইরে অতিরিক্ত দুটি নতুন ফোন করমুক্ত থাকবে।
চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত একটি ফোন করমুক্তভাবে আনতে পারবেন।
এ ক্ষেত্রে মোবাইল ফোন কেনার বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে—কারণ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চোরাচালানকারীরা প্রবাসীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ফোন আনার চেষ্টা করে। এটি রোধ করতেই এমন পদক্ষেপ।
মোবাইল আমদানির শুল্ক কমছে
সভায় স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে প্রায় ৬১ শতাংশ শুল্ক আরোপ করা হয়। শুল্ক কমানো হলে বৈধ আমদানি বাড়বে, দামও কমবে বলে মন্ত্রণালয় মনে করে।
তবে শুল্ক কমালে বাংলাদেশে স্থানীয় ১৩–১৪টি মোবাইল কারখানার শুল্ক ও ভ্যাট কাঠামোও সমন্বয় করতে হবে—নইলে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
নিবন্ধিত সিম ব্যবহারের নির্দেশনা
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়—
আপনার অজান্তেই কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা তা নিশ্চিত হতে হবে। সাইবার অপরাধ, অনলাইন জুয়া, প্রতারণা বা মোবাইল ব্যাংকিং–সংশ্লিষ্ট অপরাধ এড়াতে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়—
বিদেশে বাতিল বা পুরোনো ফোন এনে কেসিং পরিবর্তন করে বাংলাদেশে বিক্রির যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
বিমানবন্দর ও স্থলবন্দরে ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
শিগগিরই কাস্টমস বিভাগ এ বিষয়ে অভিযান চালাবে।