ইউকের চিকিৎসক রিচার্ড বিলি ঢাকায়, খালেদার চিকিৎসায় নতুন অগ্রগতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন।
ডা. জাহিদ হোসেন বলেন, "খালেদা জিয়ার জন্য দেশের বাইরে নেওয়ার যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকে ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ রিচার্ড বিলি এসেছেন এবং তিনি উনাকে দেখবেন।"
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে।
বর্তমানে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’
বিএনপি চেয়ারপারসনকে এ মুহূর্তে দেশের বাইরে নেয়ার সুযোগ নেই বলেও জানান ডা. জাহিদ। তিনি বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি (বেগম খালেদা জিয়া) সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি উনি মেনটেইন করছেন।’