সালমান শাহ হত্যার রহস্যে লিমার চমকানো মন্তব্য প্রকাশ

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর এখনও দর্শকহৃদয়ে সমানভাবে প্রিয়। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’র মতো বহু সফল সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেন। সব মিলিয়ে ১৪টি ছবিতে কাজ করেছেন এ তারকা জুটি।
ক্যারিয়ারের শুরু থেকেই সালমান–শাবনূরকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যেত। সময়ের সঙ্গে সে আলোচনা স্তিমিত হলেও মাঝে মাঝেই নতুনভাবে সামনে আসে। এবার সেই প্রসঙ্গে কথা বলেছেন সালমান শাহর আরেক নায়িকা লিমা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লিমা দাবি করেছেন, সে সময় সালমানের সংসারে শাবনূরকে কেন্দ্র করে অশান্তির খবর তিনি শুনেছিলেন।
লিমা বলেন, ‘সালমান শাহের সঙ্গে কাজ করতে পারাটা আমার জীবনের বড় সৌভাগ্য। তার সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছি— “প্রেম যুদ্ধ” ও “কন্যাদান”। কাজের সময় তাকে কখনোই বড় কোনো তারকা বলে মনে হয়নি; খুবই সাধারণ, সাদাসিধে ও সবাইকে হাসিখুশি রাখা মানুষ ছিলেন তিনি।’
সালমানের মৃত্যুকে স্মরণ করে লিমা বলেন, ‘১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর খবর দেশজুড়ে শোকের ঢেউ তোলে। নানা পত্রিকায় ভক্তদের মৃত্যু নিয়েও বিভিন্ন খবর বের হয়েছিল।’
সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য এখনো তাড়িয়ে বেড়ায় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘২৯ বছর পার হয়ে গেলেও মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হয়নি। তিনি আত্মহত্যা করেছেন—এ কথা আমি বিশ্বাস করি না।’
শাবনূরকে ঘিরে সংসারে অশান্তির কথা তিনি ‘শুনেছেন’ বলে জানান নায়িকা লিমা। তবে সালমানের স্ত্রী সামিরাকে শুটিংয়ে খুবই বন্ধুসুলভ পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
শেষে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিমা বলেন, ‘আমি সালমান হত্যার বিচার চাই। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।’