আতিফ আসলাম নিজেই নিশ্চিত করলেন ঢাকা আগমন

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ডিসেম্বরে আবারও ঢাকা মাতাতে আসছেন। জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসনসহ জুলাইয়ের চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে এ কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিট অব জুলাই’। সেখানেই গাইবেন আতিফ।
রাজধানী ঢাকা আসার বিষয়টি আতিফ আসলাম নিজেই তার ভেরিফাইড ফেসবুকে নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘ঢাকা, ডিসেম্বর ১৩, ২০২৫’।
প্রিয় গায়কের এই খবরে উচ্ছ্বসিত হয়েছেন ভক্ত শ্রোতা। মন্তব্যঘরে স্বাগতম জানিয়েছেন অনেক অনুরাগী।
কনসার্টের শিরোনাম ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’। চ্যারিটি কনসার্টটিতে এবারের মূল আকর্ষণ থাকছে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
কনসার্টে বিদেশি শিল্পী, অতিথিসহ দেশীয় বিভিন্ন সংগীত ব্যান্ডের গান পরিবেশন, লোকসংগীত ও জনপ্রিয় কাওয়ালি সংগীত প্রাধান্য পাবে।
সংগীত ছাড়াও এতে জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্রী, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। কনসার্ট থেকে আয় করা সব অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। আশা করা হচ্ছে, রাজধানীর আর্মি স্টেডিয়াম অথবা আইসিসিবিতে বসবে গানের এ জমকালো আসর।
প্রসঙ্গত, জুলাই সংহতির স্বার্থে গতবছর ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয়। সে কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান ও দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন। কনসার্টের সম্পূর্ণ আয় ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ)’-এ প্রদান করা হয়।
দৈএনকে/জে, আ