কনসার্ট চলাকালে ভক্তদের উচ্ছৃঙ্খল আচরণে একন বিপাকে

ভারতে কনসার্ট চলাকালীন অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন বিশ্বখ্যাত মার্কিন গায়ক একন। শুক্রবার (১৪ নভেম্বর) ব্যাঙ্গালুরুতে একটি লাইভ শো চলাকালে কিছু অতি-উচ্ছৃঙ্খল দর্শকের আচরণের কারণে তিনি হেনস্থার সম্মুখীন হন। এর আগে ৯ নভেম্বর থেকে একন ভারতের সফর শুরু করেন, যেখানে তিনি একাধিক শহরে পারফর্ম করার কথা ছিল।
ব্যাঙ্গালুরুর আয়োজনে ভিআইপি সেকশনের সামনে দাঁড়িয়ে প্রাণবন্তভাবে গান পরিবেশন করছিলেন একন। এ সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গান চলাকালীন বারবার নিজের প্যান্ট ঠিক করার চেষ্টা করছেন তিনি। কারণ, ভিড়ের সামনের সারিতে থাকা কিছু অতি-উচ্ছ্বসিত ভক্ত গায়ককে জোর করে মঞ্চের দিকে বা দর্শকদের দিকে টেনে নামানোর চেষ্টা করছিলেন। টানাটানির এক পর্যায়ে তারা একনের পোশাকেই হাত দেয়, ফলে গায়ক স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যান।
এই বিব্রতকর পরিস্থিতির মধ্যেও একন কোনো বিরক্তি বা রাগ প্রকাশ না করে গান চালিয়ে যান। তার পেশাদারিত্ব ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর দক্ষতা কনসার্টে উপস্থিত অনেককে মুগ্ধ করেছে। তবে ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার পর ভারতের সাধারণ দর্শকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের মতে, কিছু ব্যক্তির অসংযমী আচরণ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা ও কনসার্ট সংস্কৃতির শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
সোশ্যাল মিডিয়ার মন্তব্য বিভাগে অনেকেই বলেন, একনের মতো আন্তর্জাতিক তারকার প্রতি এমন আচরণ লজ্জাজনক, এই ধরনের উচ্ছৃঙ্খলতা থামাতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া উচিত। এমন অসংখ্য সমালোচনা ভেসে আসে। একনের ভারত সফরে ভক্তদের প্রত্যাশা ছিল, সফরের প্রতিটি শো হবে উপভোগ্য ও স্মরণীয়। কিন্তু ব্যাঙ্গালুরুর এই ঘটনা তাকে এবং তার ভক্তদের হতাশ করেছে। পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মান নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
দৈএনকে/জে, আ