শাবনূরের ‘রঙ্গনা’ মুক্তির আগে ইউটিউবে হাজির

গত বছরের শুরুতে দুটি সিনেমায় কাজ করার কথা জানিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। নিজের জন্মদিনে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। ‘রঙ্গনা’ সিনেমার শুটিংও শুরু করেছিলেন, তবে কয়েকবার দেশে আসার পরও সিনেমার বাকি কাজ শেষ করতে পারেননি।
জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে বেশ ঘটা করেই মহরত হয়েছিল। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশির ভাগ শুটিংও করা হয়। তবে বাকি শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়া চলে যান অভিনেত্রী। কথা ছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরে শুটিং করবেন।
কিন্তু এখনই ফেরার সুযোগ নেই তার। তাই প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ শুটিং হওয়া অংশটুকু পর্ব করে করে মুক্তি দিচ্ছে ইউটিউবে। এর মধ্যে ২০ মিনিটের একটি পর্ব প্রকাশ হয়েছে। আরাফাত হোসেন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।
তিনি বলেন, ‘শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারব না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না।
ভাবলাম দর্শকের বঞ্চিত করে লাভ কী! যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।’
দৈএনকে/জে, আ