হ্যালোইনে রূপ বদলে চমক দেখালেন শাবনূর

প্রতি বছরের মতো এবারও ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। দুই হাজার বছরেরও বেশি পুরোনো এই ভৌতিক উৎসবটি মূলত মৃত আত্মাদের স্মরণে পালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে সাজসজ্জা, বিনোদন ও আনন্দের এক রঙিন উৎসবে। পশ্চিমা দেশগুলোতে জাঁকজমকভাবে পালিত হওয়ার পাশাপাশি এখন বিশ্বের নানা প্রান্তেও হ্যালোইনের আমেজ ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর-ও এবার যোগ দিয়েছেন সেই আনন্দে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন নিজের ও ছেলে আইজানের সঙ্গে হ্যালোইন সাজে তোলা কিছু ছবি। ছবিতে দেখা যায়, চোখের একদিকে রক্ত ঝরছে- ভয়ংকর এক ডাইনির সাজে সেজেছেন তিনি।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা-যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!
পোস্টের শেষে তিনি আরও জানিয়েছেন, এটা শুধু মজা করার জন্য।
ভক্তরাও মন্তব্যে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীকে।
দৈএনকে/জে .আ