দ্বন্দ্বের ইতি, পরীমণি বিষয়ে মুখ খুললেন অপু

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমণি ও বুবলী। চলতি বছরের শুরুতে ভার্চুয়াল জায়গায় উত্তেজনা তৈরি হয় এই দুই নায়িকার মধ্যে। বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর, নায়িকা অপু বিশ্বাস পরীমণিকে কাছে টানেন। তিনি পরীমণিকে নিজের বোন হিসেবে সম্বোধন করেন। এর আগে পরীর ছেলের জন্মদিনে অপু দামি উপহার দিয়েছিলেন। তবে অনেকের ধারণা, সাম্প্রতিক সময়ে অপু ও পরীর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।
গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেন পরীমণি। অপুকে পল্টিবাজ এবং সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি। কারণ, অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু পাননি। ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়োসড়ো বিতর্ক শুরু হয়েছিল।
পরীর মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অপুর। এদিকে পরীর ছেলের সবশেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে। অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে তাহলে দুইজনের সম্পর্কে তলানিতে ঠেকেছে? এবার অনুরাগীদের প্রশ্নের জাবাব দিয়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে পরী-অপুর সম্পর্কে এখন কেমন যাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালক অপুর কাছে জানতে চান পরীর সঙ্গে কী আগের মতো সম্পর্ক আছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সে-ও আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।
অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায়, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।
দৈএনকে/জে .আ