জায়েদ খানের নাচে প্রতিক্রিয়া জানালেন শাহরিয়ার নাজিম জয়

দেশের আলোচিত ও বিতর্কিত অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। দীর্ঘদিন অভিনয়ে নিয়মিত না থাকলেও নানা ইস্যুতে নিজের মতামত অকপটে তুলে ধরেন তিনি। এবার তিনি আলোচনায় এসেছেন অভিনেতা জায়েদ খানকে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী পোস্টের মাধ্যমে।
বুধবার (২২ অক্টোবর) জয় তার ফেসবুক পেজে জায়েদ খানের একটি নাচের ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের অংশ, যেখানে হাসিখুশি ভঙ্গিতে নাচতে দেখা যায় জায়েদকে।
পোস্টের ক্যাপশনে জয় লেখেন, ‘উনি (জায়েদ খান) কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য, সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি একজন মানুষ কীভাবে এত সুখী হতে পারে! দলমত বা রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের এই সুখ উপভোগ করি, আবার কখনো কখনো হিংসাও হয়।’
তিনি আরও লেখেন, ‘আমার বিবেক-বুদ্ধি বা সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। তাই তার এই সুখী রূপ দেখে মাঝে মাঝে নিজের বুদ্ধি-সংবেদনশীলতাকেই তুচ্ছ মনে হয়। ভালো থাকুন ভাই, আপনার দ্বারা যেন কারও ক্ষতি না হয়।’
জয়ের পোস্টের শেষাংশে ছিল একরাশ কটাক্ষ ও মমতা মেশানো মন্তব্য। তিনি লেখেন, ‘এভাবেই বিনোদন দিয়ে যান। বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ পেলেই তারা টেনে-হিঁচড়ে সেটাকে উপভোগ করতে চায়। কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?’
জয়ের পোস্টটি ঘিরে ইতোমধ্যেই ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। কেউ জয়কে সাহসী মন্তব্যের জন্য প্রশংসা করছেন, আবার কেউ তা বিদ্রূপ হিসেবে দেখছেন।
একজন নেটিজেন লিখেছেন, ‘জায়েদ খান আসলেই বিনোদনের জন্য সেরা। এটা মানতেই হবে।’ আরেকজনের মন্তব্য, ‘খুব সরল আর হাসিখুশি মানুষ জায়েদ খান। তাই সবাই তার প্রতি আকৃষ্ট হয়।’ তবে কেউ কেউ বলেছেন, ‘যাদের লজ্জা-লাজ নেই, তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
দৈএনকে/রে,আ