মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চর হুদ্রাখালি সড়কে নেই উন্নয়ন, থমকে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ

চর হুদ্রাখালি সড়কে নেই উন্নয়ন, থমকে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ এক যুগ ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের চর হুদ্রাখালি সড়ক। দক্ষিণ কালপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টনাশাহ সড়কের মাথা পর্যন্ত প্রায় ৬০০ ফুট এ রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

প্রতিদিন দক্ষিণ কালপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী বিদ্যানিকেতন ও হেদায়েতুল ইসলাম মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষার্থীকে কাদা, পানি ও গর্ত পেরিয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পাঠদান ব্যাঘাত ঘটছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুরাজ দাশ জানায়, “রাস্তায় হাঁটলে পা কাদায় ডুবে যায়, বই-খাতাও ভিজে যায়।” একই শ্রেণির ছাত্রী দিপু রানী বলে, “প্রতিদিন স্কুলে যেতে অনেক কষ্ট হয়, অনেক সময় পড়ে যাই।”

বিদ্যালয়ের শিক্ষক মো. মোশারেফ হোসেন বলেন, “এই রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে নিরুৎসাহিত হচ্ছেন। এটি শিক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।”

প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, “রাস্তাটি নিয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তাঁরা শুধু আশ্বাসই দেন, বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে আবেদন জানিয়েও তারা কোনো ফল পাননি। তারা বলেন, “অবিলম্বে এ রাস্তাটি সংস্কার না করা হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়বে, যা একটি প্রজন্মের শিক্ষা অধিকারকে হুমকির মুখে ফেলবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন