ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। ২০ এপ্রিল, সোমবার বেলা ১০টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আধুনিক জীবনে বিদ্যুতের ওপর শতভাগ নির্ভরশীলতার ফলে লোডশেডিং দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, যা তাদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় লোডশেডিং কমিয়ে আনা এবং পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি জোর দাবি জানান।
এসময় নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমান সময়ে সারাদেশে বিদ্যুৎ সংকট বিরাজ করছে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং লোডশেডিং কমিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মতবিনিময় শেষে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তাসাবাদ কামাল তাজিম, দেলোয়ার হোসাইন, রাইসা আক্তার রাত্রি, গোলাম রাহিম ভূঁইয়া, চয়ন গাজী, আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।