যুক্তরাষ্ট্র ভ্রমণের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণের সব খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ ভিসা সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ননইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে বলা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। ভ্রমণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সেই খরচ বহনের সক্ষমতাও থাকতে হবে।
ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে দূতাবাস আবেদনকারীদের প্রয়োজনীয় আর্থিক নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করতে হবে না, এমন প্রমাণও সঙ্গে রাখতে বলা হয়েছে।