ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, সুন্দর ও যুগোপযোগী করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ শুরুর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এখন সবাইকে একসঙ্গে কাজ করে এই ব্যবস্থার উন্নয়ন করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষাকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করতে গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। প্রযুক্তি, দক্ষতা ও মানবিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষা যেন শুধু সনদ অর্জন কিংবা চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না থাকে। শিক্ষার্থীদের গবেষণামুখী, সৃজনশীল ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষক প্রশিক্ষণ ও পাঠদানের পদ্ধতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে সরকারপ্রধান বলেন, চাকরিকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেইন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
ব্যবহারিক ও কারিগরি দক্ষতার ঘাটতিকে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জির মতো প্রযুক্তি কর্মজগতের ধরন বদলে দিচ্ছে। এ বাস্তবতায় উদ্ভাবনী ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা তৈরির ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান হবে বাস্তব দক্ষতা অর্জনের জায়গা। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও শিল্পপ্রতিষ্ঠানে কাজ শেখার সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সক্ষমতাও অর্জন করতে পারবে।
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ চাহিদাসম্পন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ বাড়াতে হবে। প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
অধ্যক্ষদের ভূমিকা তুলে ধরে সরকারপ্রধান বলেন, একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি একাডেমিক নেতৃত্বের কেন্দ্র, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম কারিগর।
শহর ও গ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, সেই প্রশ্ন এখন সামনে এসেছে।
শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ, নিয়োগ-পদায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া কলেজগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার কথা বলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচি সফল করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় কোন্দল ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। অসচ্ছল, প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিও ইতিবাচক ও সহানুভূতিশীল থাকার নির্দেশনা দেন তিনি।
বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় উপস্থিত সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।