রাজস্ব ফাঁকি ও অনিয়ম ঠেকাতে সংস্থাগুলোর তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে জোর অর্থমন্ত্রীর

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা না থাকলে ব্যবসার খরচ কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা ও রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব নয়।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে ডিজিটাল আন্তঃসংযোগ জরুরি। অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা নিজেদের মতো করে বিচ্ছিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ ছিল না। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজার কিংবা এনবিআরের মতো গুরুত্বপূর্ণ সংস্থারও কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা ছিল না।
রিয়েল-টাইম আন্তঃসংযোগ ছাড়া প্রকৃত অটোমেশন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি লেনদেনে তাৎক্ষণিক নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর মাধ্যমে সময় ও ব্যবসার খরচ কমানো সম্ভব হবে। শুধু একটি খাতের ব্যয় কমিয়ে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার খরচ কমানো যাবে না। এ কারণে এনবিআরের লেনদেনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত ও বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করা হচ্ছে।
বিমা খাতের অনিয়ম ও রাজস্ব ক্ষতির চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যাংকিং খাতের মতো বিমা খাতও চরম দুরবস্থায় পড়েছে। বিমা কোম্পানিগুলো গ্রাহকদের দাবি পরিশোধ না করে সেই অর্থ দিয়ে সম্পত্তি কিনছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে।
মন্ত্রী জানান, আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা কোম্পানির কাছ থেকে কাভারনোট নেওয়া হচ্ছে। কিন্তু পণ্য দেশে আসার পর প্রিমিয়াম পরিশোধ না করেই কাভারনোট ছিঁড়ে ফেলা হচ্ছে। এভাবে বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও সরকার রাজস্ব পাচ্ছে না, বিমা প্রিমিয়ামও জমা হচ্ছে না। এতে সাধারণ শেয়ারহোল্ডাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অনিয়ম বন্ধের উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালী মহলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানান তিনি।
রাজস্ব আদায়ের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সংগ্রহ করতে না পারলে দেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এতে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এ কারণে এলসি ও বিমাসংক্রান্ত জালিয়াতি এবং ব্যাক-টু-ব্যাক এলসির অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
একইভাবে পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। তবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এতে ফায়ারওয়াল থাকবে, যাতে কেউ অননুমোদিত তথ্যে প্রবেশ করতে না পারে। এর ফলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেন বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে। বন্দর ব্যবস্থাপনাতেও একই ধরনের অটোমেশন ও আন্তঃসংযোগ চালু করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এখন বেশি কথা বলার চেয়ে কাজ বেশি করা প্রয়োজন। গভর্নর সেটি করে দেখাচ্ছেন। তবে যেকোনো সংস্কার সফল করতে হলে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং তাঁদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বিদেশ সফরে বিশেষ করে জাপান ও কোরিয়ায় বিনিয়োগকারীরা বারবার এনবিআরের জটিলতার বিষয়টি তুলে ধরেন উল্লেখ করে তিনি বলেন, সরকার আন্তরিক ও কঠোর হলেও অংশীজনেরা সাহস নিয়ে সমস্যা চিহ্নিত না করলে এবং সংস্কারে এগিয়ে না এলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। সবকিছু সরকার করে দেবে—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ফুল না দেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও ফুল দেওয়ার প্রচলিত সংস্কৃতির উদাহরণ টেনে মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় অভ্যাসগুলোও পরিবর্তন করতে হবে।
দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাধারণ মানুষের কল্যাণে প্রয়োজন হলে কঠোর বা ‘পেইনফুল’ সিদ্ধান্ত নিতেও রাজনৈতিক সরকার প্রস্তুত রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।