পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে আগামী পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট কমানোর লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে এ পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সরকারের কর্মপরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।
এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে তৈরি অ্যাকশন ম্যাট্রিক্সে এসব উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরিকল্পনাও রয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যানবাহনের চাপ, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে—এমন রুটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজন নির্ধারণ করা হবে।
পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের পরিকল্পনায় এই গ্রিড সম্প্রসারণের পাশাপাশি দেশের সব জেলার সঙ্গে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠা এবং বন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ করার কথা বলা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।’
মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
গ্রামীণ সড়ক ও মহাসড়কের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা
জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে।
প্রথম ছয় মাসে যেসব এলাকার সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগ দুর্বল, সেগুলো চিহ্নিত করা হবে। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
এতে কৃষকেরা দ্রুত উৎপাদিত পণ্য স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা গ্রহণ সহজ হবে। সড়ক পাকাকরণের পাশাপাশি পানি নিষ্কাশন, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন এবং এক বছরের মধ্যে সারা দেশে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। প্রকল্পের অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ নদীতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ
পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু।
প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমীক্ষায় প্রকল্পগুলোর কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, নির্মাণ ব্যয়, পরিবেশগত প্রভাব এবং বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে।
পাঁচ বছরের কর্মপরিকল্পনায় এসব গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, পুরো করিডরের কারিগরি সক্ষমতাও নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী কারিগরি প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।
বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ অর্থায়ন ও জমি অধিগ্রহণ
সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। শিল্পকারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন এবং যাত্রী চলাচলে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গুরুত্বপূর্ণ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, অপর্যাপ্ত সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং দুর্বল সংযোগব্যবস্থা পরিবহনকে ব্যয়বহুল করে তুলছে।
এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে উঠলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে পরিকল্পনায় প্রত্যাশা করা হয়েছে। তবে এ ধরনের বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থায়ন, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, সম্ভাব্যতা যাচাই, নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে।
হাদিউজ্জামান আরও বলেন, নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে অনেক ক্ষেত্রে যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য অর্জনে প্রকল্প প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগেই এগিয়ে নেওয়া জরুরি।
সরকারের কর্মপরিকল্পনায় এসব উদ্যোগকে ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং, ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : বাসস