ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তাঁর অভিযোগ, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আনা দুর্নীতির অভিযোগের কারণেই ২০২৫ সালে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তাঁকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনা টানা ১৫ বছর বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। তাঁর শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে বিচারের মুখোমুখি হয়েছেন তিনি। বাংলাদেশের কর্তৃপক্ষের অভিযোগ, শেখ হাসিনার পরিবারের সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধা নিয়েছেন টিউলিপ।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি দুর্নীতির মামলায় অনুপস্থিতিতে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। ঢাকার পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর হওয়ার সম্ভাবনাও খুব কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তিনি দাবি করেন, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের পরোক্ষ শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি থাকতে পারে।
টিউলিপ বলেন, তাঁর বিরুদ্ধে মামলাটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত ছিল। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিল গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপের দাবি, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে একাধিকবার চেষ্টা করেছেন তিনি। এ জন্য তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পাননি। লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও জানান তিনি।
টিউলিপ বলেন, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তাঁর সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।’
নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ বলেন, অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বিচলিত ছিলেন না। তাঁর ভাষ্য, ‘আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।’
বিতর্কের সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তাঁর দাবি, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।
তবে টিউলিপকে ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়ায় শেষ পর্যন্ত স্টারমার তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বলেন।